দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অনুমোদনহীন ওষুধ রাখার অভিযোগে দুইটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
সোমবার (১৫ জুন) দুপুরে মনোহরদী উপজেলার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মনোহরদী পৌর এলাকার লাইফ কেয়ার হাসপাতাল ও রাজিব প্রাইভেট হাসপাতাল পরিদর্শন করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানের ফার্মেসি, অপারেশন থিয়েটার, প্যাথলজি বিভাগসহ বিভিন্ন অংশে ওষুধ, রিএজেন্ট ও সরঞ্জাম পরীক্ষা করা হয়।
পরিদর্শনের সময় লাইফ কেয়ার হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখান থেকে বিভিন্ন ওষুধ জব্দ করা হয়।
অন্যদিকে রাজিব প্রাইভেট হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেখান থেকেও সংশ্লিষ্ট ওষুধ জব্দ করা হয়।
অভিযানকালে হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্যাথলজি বিভাগের পরিবেশ আধুনিক ও স্বাস্থ্যসম্মত করার নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতে সেবার মান উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের প্রতিশ্রুতি দেয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জে আই